Published : 08 Jan 2026, 08:34 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ‘বোমা বানানোর সময়’ বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে তার ছোট বোন মরিয়ম আক্তার জানান।
এদিন ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ।
নিহত নবীন সরদার (২৮) ওই গ্রামের রহিম সরদারের ছেলে। সকালে ঘটনাস্থলে মারা যান একই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। এর কিছু দূরে সোহান বেপারী লাশ পাওয়া যায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; যারা গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নবীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার ছোট বোন মরিয়ম আক্তার জানান।
সকালে খবর পেয়ে পুলিশ সোহানের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনাস্থলে থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ওসি সালেহ আহমদ বলেন, নবীন সরদার নামের আরেক যুবকের মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে এ বিষয়ে তাকে অফিসিয়ালি কেউ কিছু জানায়নি।
'বোমা বানানোর সময়' বিস্ফোরণ, নিহতের হাতের কব্জিসহ উড়ে যায় ঘরের চাল