১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত চালক

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 04:40 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।

নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় মঙ্গলবার বেলা ১টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি নুরুজ্জামান জানান।

নিহত ৪০ বছর বয়সী ট্রাক চালক মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি নুরুজ্জামান বলেন, “খুলনা থেকে বেনাপোলগামী ‘মংলা কমিউনিটি এক্সপ্রেস’ ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লাবাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে।”

“বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ এবং অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।”

সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

তিনি বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নেওয়া হলে রেললাইন স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।