Published : 15 Apr 2026, 06:09 PM
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার সকালে ইসলামাবাদ ইউনিয়নে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম।
নিহত ছাবের আহমদ (৬৯) ওই এলাকার বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানান স্বজনরা।
স্বজনরা জানান, সম্প্রতি এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিনের মতো ভোররাতে নিজ ধান ক্ষেত পাহারা দিচ্ছিলেন ছাবের আহমদ। এ সময় হঠাৎ একটি বন্য হাতি ধান ক্ষেতে ঢুকে তাকে ওপর আক্রমণ করে।
পাশের ক্ষেতে পাহারায় থাকা কৃষক জামাল উদ্দিন বলেন, হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে ছাবেরের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিট কর্মকর্তা শাহ আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফজরের আজানের আগে হাতির গর্জন শুনে বাইরে এসে মসজিদের পাশে তার নিথর শরীর পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল বলেন, ছাবের ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, পাহাড় এলাকায় খাদ্যের সন্ধানে বন্য হাতির লোকালয়ে প্রবেশ বেড়ে যাওয়ায় মানুষ-হাতি সংঘাত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-বাপার কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, বনাঞ্চল সংকুচিত ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে এ ধরনের সংঘাত বাড়ছে। এ সমস্যা সমাধানে হাতির চলাচলের পথ চিহ্নিত, সতর্কতামূলক ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।