১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় অপারেশনের মাঝপথে চলে যান চিকিৎসক, জরিমানা-সিলগালা

রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 06:42 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি ক্লিনিকে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানান দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান।

৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ ওঠে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার শুরু করা হয়। 

একপর্যায়ে অপারেশন অসমাপ্ত রেখেই সংশ্লিষ্ট চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় নিয়ে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ক্লিনিকটিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ক্লিনিকটিকে জরিমানা করে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেয়।

তিনি বলেন, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।