জয়পুরহাটে বজ্রপাতে গেল নারীসহ ২ জনের প্রাণ
মাঠে ধানের নাড়া কাটার সময় নারী এবং ধান কাটার সময় কৃষক বজ্রপাতের শিকার হন বলে জানায় পুলিশ।
জয়পুরহাটে আলাদা দুই স্থানে বজ্রপাতে কৃষক ও গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার বিকালে জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় এ ঘটনায় ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো. হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের প্রয়াত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, থিয়ট গ্রামের মাঠে ধানের নাড়া কেটে বাড়ির কাছাকাছি আসছিলেন জাহানারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন।
আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান বলে জানান তিনি।
পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলার কুয়াতপুর গ্রামের মাঠে ধান কাটছিলেন সামসুদ্দিন। এ সময় প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটে। এতে আহত হন সামছুদ্দিন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
