শেরপুরে ‘পাচার হয়ে আসা ৬ বন্দুকসহ’ যুবক আটক
পুলিশ জানায়, বন্দুকগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।
শেরপুরে ছয়টি বন্দুকসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, বন্দুকগুলো ভারত থেকে অবৈধ পথে এসেছে।
শনিবার দুপুরে জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০) জেলার ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
তাকে আটকের পাশাপাশি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
কামরুজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে একটি অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় নালিতাবাড়ী থানা পুলিশ। সংবাদ পেয়ে শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারমারী সীমান্ত সড়কে পুলিশ ব্যারিকেড দেয়। একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসতে দেখে তাদের থামার সঙ্কেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেল ও অটোরিকশাটি ফেলে চালকরা পাহাড়ের অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ অটোরিকশার পেছনের সিটে থাকা বুলবুলকে আটক ও আলাদা আলাদা প্যাকেটে থাকা ছয়টি বন্দুক জব্দ করে।
পুলিশ সুপার আরও জানান, অস্ত্রগুলো প্রাথমিকভাবে এয়ারগান মনে হলেও সেগুলো বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পাচারকারী হিসেবে মামলা হলেও বন্দুকগুলো মারণাস্ত্র প্রমাণ হলে মামলার ধারা পাল্টে যাবে।
“পালিয়ে যাওয়াদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও এই চক্রের হোতাদের বের করা হবে।”
