২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

দুই দিন আগে ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছেন ইমরান৷

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

ইমরান হোসেন রাঙ্গামাটি তগোলছুড়ি থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2023, 03:47 PM

Updated : 23 Feb 2023, 03:47 PM

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেলে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ছুটিতে বাড়িতে আসা এক পুলিশ কনস্টেবল। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার লিয়াকত আলীর দোকানের সামনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা। 

নিহত ইমরান হোসেন (২৫) শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে৷ তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে৷ তিনি রাঙ্গামাটি তগোলছুড়ি থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন৷ 

নিহতের বাবা মোনায়াম হোসেন বলেন, দুই দিন আগে ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছেন ইমরান৷ বৃহস্পতিবার সকালে বন্ধু নয়ন হোসেনকে নিয়ে সিংহনাল বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন ইমরান। 

Image

নিহতের স্বজনদের আহাজারি।

পথে তারা লিয়াকতের দোকানের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইমরান। আর গুরুতর আহত নয়ন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

ওসি নাসির উদ্দীন মৃধা জানান, নিহতের মৃতদেহ সাতক্ষীরা সদরে আছে। প্রাথমিক তদন্ত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷ 

এ ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।