শেরপুরে বিপুল ভারতীয় প্রসাধনীসহ পাওয়ার টিলার ট্রলি জব্দ
জব্দ ভারতীয় প্রসাধনী ও পাওয়ার টিলার ট্রলির সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০টাকা বলে জানিয়েছে বিজিবি।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল ভারতীয় প্রসাধনীসহ একটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে উপজেলার গজনী এলাকা থেকে তাওয়াকুচা বিওপির টহল দলের সদস্যরা প্রসাধনীর চালানটি জব্দ করে করে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
বুধবার দুপুরে বিজিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে গজনী এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে প্রসাধনীর চালানটি জব্দ করতে সক্ষম হয়। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও পাওয়ার টিলার ট্রলির সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০টাকা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লেফটেন্যন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, গারো পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
