১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

“প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 01:45 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূ ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

খলশী গ্রামে থেকে শনিবার রাত ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে বাঘারপাড়া থানার এসআই পলাশ জানিয়েছেন। 

তিনি বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

নিহতরা হলেন- খলশী গ্রামের জাফর শিকদারের ছেলে জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) ও তার ছয় বছরের ছেলে জিসান। 

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন বলেন, শনিবার রাত ৯টার দিকে তিনি খবর পান যে, জাকির হোসেনের স্ত্রী ও ছেলে খাটের ওপর নিথর অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং একই খাটে তার মা জুবায়দার মরদেহ পড়ে আছে। পরে তিনি বিষয়টি জিসানের বাবা জাকির হোসেনকে জানান। 

তিনি বলেন, “সে সময় জাকির বহরামপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। আর জুবায়দার গলায় একটি ওড়না পেঁচানো ছিল।” 

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা বলছিলেন, “জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।”

নিহতের প্রতিবেশীরা বলছেন, জুবায়দার পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, জুবায়দা হয়তো আগে ছেলেকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। 

প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলে মনে হচ্ছে-জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, “ঘটনাটি সন্দেহজনক। মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”