Published : 28 Jun 2026, 03:09 PM
নাটোরে সদরের একটি পুকুর থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেবাড়িয়া জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. মনসুর রহমান।
নিহত কমল কুমার দাস (৩৭) লেংগুরিয়া মধ্যপাড়া মহল্লার প্রয়াত হীরালাল দাসের ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন।
স্থানীয়দের বরাতে ওসি মনসুর রহমান বলেন, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল কমল কুমার দাস। পরিবার ও স্বজনেরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।
সকালে স্থানীয়রা জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য জানতে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নাটোর সদর থানার ওই পুলিশ কর্মকর্তা।