Published : 27 Feb 2026, 07:13 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির পর এবার প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী।
বগুড়া শহর জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় কর্ম-পরিষদের সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয় বলে শুক্রবার সকালে জানিয়েছেন দলটির একাধিক নেতা।
এর আগে সোহেল এ আসনের প্রার্থী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরাজিত হন।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে উপ-নির্বাচনে সোহেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।”
এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। যেখানে জামায়াত প্রার্থী সোহেল দ্বিতীয় হয়েছিলেন।
বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৯ এপ্রিল ভোট গ্রহণ।
এদিকে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া-৬ আসনে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী দুই লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এ ছাড়া পোস্টাল ভোটারের সংখ্যা তিন হাজার ৭৩৪ জন।
বগুড়া-৬: তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন বাদশা