২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণা কারাগারে বন্দী মাদক মামলার আসামির মৃত্যু

২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 06:08 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

নেত্রকোণায় মাদক মামলায় আটকের পর জেলা কারাগারে বন্দী এক আসামির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা চিকিৎসকদের।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা।

মৃত আলী আহমেদ খান ওরপে শিপন মিয়া (৩৮) নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে।

২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা পুলিশ।

তাসমিয়া হোসেন অনন্যা বলেন, “হাসপাতালে আনার আগেই মারা যান শিপন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার সময় তার সঙ্গে ছিলেন নেত্রকোণা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম।

তিনি বলেন, “বৃহস্পতিবার বিকাল থেকে বুকে ব্যথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।”

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, “শিপনের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে যাব।”