শেরপুর সীমান্ত থেকে বিপুল ভারতীয় প্রসাধনী ও গরু উদ্ধার
বিজিবি জানায়, উদ্ধার প্রসাধনীর বাজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা ও জব্দ চারটি গরুর বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও চারটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকা থেকে গরু এবং মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রাম থেকে প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় বলে ৩৯ বিজিবির ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেন জানান।
তিনি বলেন, গোপন তথ্যের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর পৃথক কয়েকটি অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে।
উদ্ধারকৃত প্রসাধনীর বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা ও জব্দ চারটি ভারতীয় গরুর বাজার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে বলেন, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্ট করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এ সব মালামাল বিক্রি করা হবে।
