১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে বহিরাগতদের হামলা: বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি জানান শিক্ষার্থীরা।

বাকৃবিতে বহিরাগতদের হামলা: বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার ও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে মানববন্ধন হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার ও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন থেকে তারা সরে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নমনীয় হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি দলের সদস্য এ এইচ এম হিমেল বলেন, “আমাদের দাবি ছিল ছয় দফা। মঙ্গলবার এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। 

“আমরা শিক্ষকদের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি ছয় দফার মধ্যে দুটি মানতে জোর দাবি জানিয়েছি। পরদিন প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু তারা কিছুই জানায়নি। তাই আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়টি লিখিতভাবে উপাচার্য মহোদয়কে জানানো হয়েছে। আশা রাখছি সিদ্ধান্ত পজিটিভ হবে। অচিরেই সেই বিষয়গুলো শিক্ষার্থীদের জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করা হবে।”

ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’ দেওয়ার দাবিতে ৩১ আগস্ট দিনভর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ ২৫১ শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে ২৫০ থেকে ৩০০ বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে বহিরাগতরা তালা ভেঙে দিলে অবরুদ্ধ শিক্ষকরা বেরিয়ে যায়। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

উদ্ভুত পরিস্থিতিতে ওইদিন রাতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগ না করে রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যান।

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারে আন্দোলন থেকে সরলেন বাকৃবির শিক্ষার্থীরা

২৪ ঘণ্টা পর খুলল বাকৃবির কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

আন্দোলনে অনড় শিক্ষার্থীরা চান উপাচার্যের ক্ষমা, থমথমে বাকৃবি

উপাচার্যকে ক্ষমা চাইতে বললেন বাকৃবি শিক্ষার্থীরা, অন্যথায় ‘কঠোর আন্দোলন’

বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে হামলা, শিক্ষার্থীসহ আহত ১০

বাকৃবিতে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ