Published : 26 Nov 2025, 01:47 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদে আগের রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইউছুফ অলীকে গ্রেপ্তার করেন তারা।
ইউছুফ ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার মাইজের বাড়ির এরশাদ হোসেনের ছেলে। আর নিহত ৫০ বছর বয়সী আনোয়ার একই এলাকার আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা।
এর আগে মঙ্গলবার সকালে দোকানের বাকি টাকা চাওয়ায় তর্কাতর্কির এক পর্যায়ে কনেফেকশনারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ইউছুফ।
মামলার বিবরণে বলা হয়, আনোয়ারের কনেফেকশনারি দোকান ইউছুফের বাড়ির সামনে। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে আসার পর প্রায়ই ইউছুফ ওই দোকান থেকে মালামাল বাকিতে কেনেন। বাকি টাকা চাইলে তিনি দোকানির সঙ্গে খারাপ আচরণ করেন।
মঙ্গলবার সকালেও বাকিতে মালামাল কিনতে যান ইউছুফ। এ সময় পূর্বের টাকা চাইলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দোকানের ভেতর গিয়ে ইউছুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে, পেটে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মামলায় বলা হয়েছে।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার বলেন, এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে ইউছুফের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৩-৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, “ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আমরা একমাত্র আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।”