Published : 17 Jun 2026, 07:47 PM
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভোগা এক তরুণীর অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন চিকিৎসক মো. আরিফ উল হাসান।
এর আগে এপ্রিলে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করে আলোচনায় আসেন তিনি।
হাসপাতাল থেকে জানানো হয়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা ২২ বছর বয়সি ওই তরুণী দীর্ঘদিন ধরে পেট ফোলাভাব ও ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত করা হয়।
চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে রোগীর পেট থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে রোগী পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসক আরিফ উল হাসান বলেন, রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত।
মফস্বল এলাকায় বিভিন্ন জটিল অস্ত্রোপচারের ঘটনায় বেশ আলোচিত আরিফ উল হাসান। ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে ছয় ইঞ্চি একটি ডাব ঢুকে যায়। পরে পায়ুপথ না কেটে সেটি বের করে আনেন তিনি। ঘটনাটি সেই সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।