Published : 25 Jul 2025, 11:21 PM
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা শাখা বিএনপির কাউন্সিলে ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ হামলা হয় বলে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশ জানিয়েছে।
হামলায় পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে বিএনপিকর্মী আনোয়ার-উস-শাহাদাত মিঠুর অবস্থা ‘আশংকাজনক’।
বাবু নামে স্থানীয় বিএনপির এক নেতা সাংবাদিকদের জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি গঠনে ভোট গ্রহণ চলাকালে ৮ নম্বরে ওয়ার্ডের ভোটার তালিকায় শতাধিক ‘জাল ভোটার ও আওয়ামী লীগের কর্মীদের অন্তর্ভুক্ত’ করার অভিযোগ ওঠে। এ নিয়ে এক পক্ষ ভোট স্থগিতের দাবি জানায়।
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে শেখ লিয়াকত আলী ওপর হামলা চালায় অন্য পক্ষ। তাকে রক্ষা করতে গেলে আনোয়ার-উস-শাহাদাত মিঠু, ফজলুর রহমান বাবু, মোনাজাত খানও অন্যরা হামলার শিকার হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহত মিঠুর মাথায় গভীর আঘাত লেগেছে, কয়েকটি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা আশংকাজনক তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত শেখ লিয়াকত আলী বলেন, ভোটে ‘ভুয়া’ প্রতিনিধি, ভোটার ও আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির’ প্রতিবাদ করায় ‘পরিকল্পিতভাবে’ হামলা চালানো হয়েছে।
এর দায় কাউন্সিল পরিচালনায় দায়িত্বে থাকা জেলা নেতারা এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি, জেলা আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর কাছে জানতে চাইলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার পর পরই শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুলে ধরে থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের বিষয়ে তদন্ত চলছে।”
এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।