Published : 13 Jun 2026, 11:23 PM
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার দৌলতখান সড়কের টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন সেজওয়াল বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান।
নিহত বাবুল ইসলাম (৩৫) উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দেরপোল বাজার এলাকার চানগাজী বাড়ির মাকসুদ মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম সুজন।
পুলিশ জানায়, বোরহানউদ্দিন পৌর ভবন থেকে ব্রাজিল সমর্থকদের একটি শোভাযাত্রা কুঞ্জেরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে। বাবুল ইসলাম মোটরসাইকেলে করে ওই শোভাযাত্রায় যোগ দিতে বোরহানউদ্দিনের দিকে রওনা হন।
পথে রাস্তা পারাপাররত এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাবুল ইসলাম ও সুজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জেলার ব্রাজিল সমর্থক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি তাদের শোভাযাত্রার কোনো যানবাহনের সঙ্গে ঘটেনি। বহরটি ঘটনাস্থল অতিক্রম করার সময় দুর্ঘটনাটি দেখতে পেয়ে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
তারা জানান, নিহত ব্যক্তি ব্রাজিল জার্সি পরা থাকলেও তিনি বহরের সদস্য ছিলেন না; তবে শোভাযাত্রায় অংশ নিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় ১৫ জুনের আর্জেন্টিনা সমর্থকদের পূর্বনির্ধারিত শোভাযাত্রা স্থগিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।