Published : 18 Jun 2026, 01:48 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়াল।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত নয় মাস বয়সী শিশু দিবানি পাল সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা দিপন পালের মেয়ে।
আর দুই মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা মনোয়ারের ছেলে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩২৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।