পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসাছাত্রদের হামলা: তদন্তে কমিটি, ৩ পুলিশ প্রত্যাহার
এতে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলা হয়েছে।
উচ্চস্বরে গান চলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের হামলার অভিযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উত্তম কুমার শর্মা বলেন, বুধবার বিকালে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।
এতে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরীর আগমনকে কেন্দ্র করে রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাংঙ্কৃতিক অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলায় তা কমাতে বলে পাশের দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়।
পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ লাঠিপেটা করে মাদরাসার শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এ সময় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া শুরুতে ছাত্রদের হামলায় ১০ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি পুলিশের।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
“তদন্ত কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স ফটক এবং চত্বরে দায়িত্বে বিচ্যুতির অভিযোগে পুলিশের তিন সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরও বলা হয়, জেলা পুলিশ দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তাধীন বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়।
আরও পড়ুন:
