Published : 06 Nov 2025, 08:50 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
কারাগারে যাওয়া মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নবধারার সম্পাদক ও প্রকাশক।
এর আগে বুধবার রাত ৩টার দিকে উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জাহিদুল ইসলাম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সেই সময় নেতাকর্মীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ঘটনার পরদিন ১৮ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানার এসআই আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন।
সেই ঘটনায় সাংবাদিক মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি জাহিদুল।
এদিকে মেহেদী হাসানের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।
গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করায় দলটির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
কারাগারে যাওয়ারা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক (৫৫)।
ওসি জাহিদুল বলেন, গত ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৪৫০ জনকে আসামি করে এসআই রাব্বি মোরসালিন টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, এ মামলায় বুধবার রাতে শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।