২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আধিপত্য বিস্তার: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শনিবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

আধিপত্য বিস্তার: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনদের অপেক্ষা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

শনিবার ভোরে উপজেলার সাদেরপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম।

নিহত মো. নাসির উদ্দিন (৬৫) ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। 

ওসি মো. আজহারুল বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু মিয়ার লোকজনের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। 

এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের আঘাতে সাচ্চুর পক্ষের নাসির উদ্দিন নিহত হন।

এ বিষয়ে জানতে একাধিকবার হারুন মিয়া ও সাচ্চু মিয়ার মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওসি মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।