১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোল পূর্ণিমায় শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল থেকে পুরোদমে আবারও আমদানি-রপ্তানি কাজকর্ম চলবে।

দোল পূর্ণিমায় শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল স্থলবন্দর।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

ভারতে হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে শনিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

তবে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

বৃহস্পতিবার বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে রোববার সকাল থেকে পুরোদমে আবারও আমদানি-রপ্তানি কাজকর্ম চলবে বলে তিনি জানান। 

ভারতে দোল উৎসবের কারণে পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ এলাকায় গেছেন।

ফলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বন্দরের সব কাজে ভাটা পড়েছে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

তিনি বলেন, “দোল উৎসব একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রান্সপোর্ট কর্মচারী, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে শনিবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।”

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা বলেন, দোল পূর্ণিমায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।