০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরেক যুবক নিহত, মৃত্যু বেড়ে ৩

পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে নয় বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে প্রাণ হারানোর কথা জানা গিয়েছে।

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরেক যুবক নিহত, মৃত্যু বেড়ে ৩
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শুভ কুমার দাস।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 10:55 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

যুদ্ধ বিধ্বস্ত লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় সাতক্ষীরার আরেক যুবক নিহত হয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে জেলার তিন যুবকের মৃত্যুর খবর এল। 

নিহত শুভ কুমার দাস (২৮) কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, “সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি।” 

মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারও বিষয়টি জানতে পেরেছে।

নিহতের বাবা সুরঞ্জন দাস বলেন, “শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিল। সেখানে একটি বাড়ি ও ফলের বাগান দেখাশোনার কাজ করত। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল আমাদের পরিবার।”

সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়ের যেব্দীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও দুজন নিহত হন। 

তারা হলেন- সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদামাটি এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম (২০)।

এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

এ নিয়ে পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে নয় বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে প্রাণ হারানোর কথা জানা গিয়েছে। এর মধ্যে লেবাননে এক নারীসহ চারজন, সংযুক্ত আবর আমিরাত ও সৌদি আরবে দুজন করে এবং বাহারাইনে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন:

ঋণ করে লেবাননে শফিকুল-নাহিদুল, ইসরায়েলি ড্রোনে 'স্বপ্ন' শেষ

ইসরায়েলি হামলা: লেবাননে আরও ২ বাংলাদেশি নিখোঁজ, সরকারের নিন্দা