১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গ্যাস বিস্ফোরণ’: বাবার পর চলে গেল এক ছেলে

এ পরিবারের দুই ভাই এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যর ঘণ্টা তিনেক পরে তার এক কিশোর সন্তানও মারা গেছে।

১৬ বছর বয়সী রাকিব দুই ভাই ও বাবার সঙ্গে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর ঘণ্টা তিনেক আগে বেলা পৌনে ১১ টার দিকে রাকিবের বাবা ৫০ বছর বয়সী আব্দুল কাদের মারা যান। ৫৭ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত সোমবার সকালে ফতুল্লায় শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে তিন সন্তানসহ দগ্ধ হয়েছিলেন কাদের।

কাদেরের বাকি দুই ছেলে মেহেদী ও সাকিব একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে মেহেদীর শরীরের ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ পুড়েছে।

আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার ছেলে মেহেদী হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানার কর্মী এবং রাকিব চটপটি বিক্রি করত।

তিন ছেলে, স্ত্রীসহ একতলা বাড়িতে ভাড়া থাকতেন কাদের, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

ঘটনার সময় তিন ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন, তাতেই তিনি রক্ষা পান। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, ঘরে গ্যাস লিক হয়ে ‘গ্যাস চেম্বার হয়ে’ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এর আগের দিনই ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়িতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছিলেন। তাদের পাঁচজনই চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন।

পুরনো খবর-

গ্যাস বিস্ফোরণতিন সন্তানকে রেখে চলে গেলেন বাবা

ফতুল্লায় ফের 'গ্যাস বিস্ফোরণ', ৩ সন্তানসহ দগ্ধ বাবা