১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্যাস বিস্ফোরণ: তিন সন্তানকে রেখে চলে গেলেন বাবা

একই এলাকায় আরেক বিস্ফোরণে পাঁচ সদস্যের পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 01:38 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন, যিনি তিন সন্তানের সঙ্গে দগ্ধ হয়ে একসঙ্গেই চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার বেলা পৌনে ১১ টায় ৫০ বছর বয়সী আব্দুল কাদের নামের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

কাদেরের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

গেল সোমবার সকালে ফতুল্লায় শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে তিন সন্তানসহ দগ্ধ হন কাদের।

কাদেরের ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে মেহেদীর শরীরের ১৮ শতাংশ, সাকিবের ১৭ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়েছে।

আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার ছেলে মেহেদী হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানার কর্মী এবং রাকিব চটপটি বিক্রি করেন।

তিন ছেলে, স্ত্রীসহ একতলা বাড়িতে ভাড়া থাকতেন কাদের, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

ঘটনার সময় তিন ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন।

ঘরে গ্যাস লিক হয়ে ‘গ্যাস চেম্বার হয়ে’ বিস্ফোরণটি হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগের দিনই ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়িতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছিলেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এ পাঁচজনের সবাই একে একে মারা গেছেন।

ফতুল্লায় ফের 'গ্যাস বিস্ফোরণ', ৩ সন্তানসহ দগ্ধ বাবা