২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নড়াইলে স্বেচ্ছাসেবক দলনেতা ইসলাম শেখ হত্যার বিচার দাবি

১০ সেপ্টেম্বর লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ইসলাম শেখকে কুপিয়ে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:18 PM

Updated : 26 Sep 2026, 09:18 PM

নড়াইলের লোহাগড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলনেতা ইসলাম শেখ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর-তালতলা বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

১০ সেপ্টেম্বর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শালনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

১২ সেপ্টেম্বর নিহতের স্ত্রী স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টিপু সুলতানসহ ৫৮ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার ১৬ দিন পার হলেও মূল আসামিরা গ্রেপ্তার হয়নি; বরং আসামিরা প্রকাশ্যে পালিয়ে থেকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কর্মসূচিতে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, রঘুনাথপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বায়জিদ বরকতী, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সুরুজ, নিহতের স্ত্রী জাহানারা বেগম বক্তব্য দেন।

মানববন্ধন শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।