১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাবিতে ১০ দিনের শীতের ছুটি শুরু, খোলা থাকবে হল-ডাইনিং

৩১ ডিসেম্বর থেকে নির্বাচন পর্যন্ত কোনো ছুটির সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

শাবিতে ১০ দিনের শীতের ছুটি শুরু, খোলা থাকবে হল-ডাইনিং

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 12:38 PM

Updated : 21 Dec 2023, 12:38 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। ১০ দিনের এই ছুটিতে দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও খোলা থাকবে হল-ডাইনিং।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ছুটি থাকবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৩১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি অফিস ও ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ছাড়া আগামী ৭ জানুয়ারিও ক্যাম্পাস বন্ধ থাকবে। তবে ৩১ ডিসেম্বর থেকে নির্বাচন পর্যন্ত কোনো ছুটির সিদ্ধান্ত হয়নি। 

“নির্বাচনের আগে যেহেতু ক্যাম্পাস খোলা থাকবে, তখন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জানুয়ারি প্রথম সপ্তাহে ছুটি থাকবে কি থাকবে না; সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” 

তবে এখন পর্যন্ত এ ব্যাপারে প্রশাসনিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি বলে জানান রেজিস্ট্রার।

এদিকে, ক্যাম্পাস বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান খান। 

ছুটি কিংবা ক্যাম্পাস বন্ধ থাকলে অনেক শিক্ষার্থী নিজেদের বাড়িতে চলে যান। শিক্ষার্থী কম থাকায় তখন আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিনও অনেক সময় বন্ধ থাকে বলে জানান শিক্ষার্থীরা। এতে খাবার খেতে ভোগান্তিতে পড়তে হয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের।

তবে এবারের ছুটিতে ডাইনিংও খোলা থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক মিজানুর রহমান খান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হল-ডাইনিং বন্ধ থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।”

এছাড়া বন্ধের সময় ক্যাম্পাসে শিক্ষার্থী না থাকায় নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান নিরাপত্তা শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ। 

তিনি বলেন, “বহিরাগতদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের পরিচয়ে/রেফারেন্সে সীমিত লোককে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

“তা ছাড়া নিকটস্থ পুলিশ স্টেশনকে জানিয়ে রাখা এবং ঝামেলা হতে পারে এমন জায়গাগুলোতে নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যরা টহলও দেন রাতে।’’

ছুটির সময় বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে ব্যানারও ঝুলানো হয়েছে বলে জানান তিনি।