Published : 30 Dec 2022, 03:37 PM
জমি সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষের শাবলের আঘাতে এক যুবলীগ নেতার প্রাণ গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান।
ওই গ্রামের আকবর আলীর ছেলে নিহত ৫০ বছর বয়সী আনিসুর রহমান আনিস পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান।
আটকরা হলেন- আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, একই গ্রামের আয়নালের সঙ্গে আনিসুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধপূর্ণ সেই জমি নিজের দাবি করে সকালে সেখানে সীমানা প্রাচীর দিতে যায় আনিসুর। এ সময় আয়নাল ও তার স্বজনরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন আনিসুরকে মাথায় শাবল দিয়ে আঘাত করে। পরে তাকেসহ বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, তাদের মধ্যে একই এলাকার হামিদ সরকারের ছেলে জাকিরুল সরকারকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের মধ্যে বদরুল ইসলাম, আসলাম হোসেন, নাহিদ হোসেন ও মুনসুর রহমানকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান জালাল উদ্দিন।
নিহতের লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।