Published : 10 Jun 2023, 08:04 PM
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জগদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও ৫০বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান।
নিহত জিন্নাত আলী (৫০) রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনী গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা তানজীর আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার দুপুরে জিন্নাত আলী গবাদিপশুর জন্য ঘাস কাটতে জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় শূন্যরেখায় যান। সেসময় তাকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়ে। এতে জিন্নাত আলীর কোমরে গুলিবিদ্ধ হয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা গিয়ে জিন্নাতকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”
লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ আরও জানান, এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে বৈঠক চলছে।
রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, “খবর পেয়ে আমরা নিহতের বাড়ির দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।”