Published : 12 Sep 2026, 06:43 PM
বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণেই বর্তমানে দেশের মানুষ ঠিকমত বিদ্যুৎ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।”
শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ও পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন। পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা গ্রামীণ জনপদের চাহিদা মেটাবে।
তিনি বলেন, দেবীগঞ্জ এলাকায় সোলার প্রজেক্টের পাশাপাশি কৃষিভিত্তিক অ্যাগ্রোজোন ও সবুজায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিদর্শনকালে চায়নার জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অঞ্চলটিকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় হিসেবে অভিহিত করে তাদের দেশে গিয়ে বিনিয়োগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।