১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ শাবি শিক্ষার্থী

নিখোঁজ শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পিএমই বিভাগের শিক্ষার্থী।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 07:43 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

নিখোঁজ শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।

বিভাগটির অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব বলেন, “ওই ব্যাচের (২০২৩-২৪) ১০-১২ জন ঘুরতে আসছে বিছনাকান্দিতে। সোয়া ৫টার পর শান্ত পানিতে নামলে নিখোঁজ হয়ে যান।”

“আমরা পাশের আরেকটা স্পটে ঘুরতে আসছি। খবর শুনে সেখানে যাচ্ছি।”

তিনি অভিযোগ করে বলেন, “দেড়-দুই ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ডুবুরি দল, প্রশাসন কেউ আসেনি।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম সন্ধ্যা পৌনে ৭টার দিকে বলেন, “আমাদের চেষ্টার কমতি নেই। আমরা বিষয়টি জানছি সাড়ে ৫টার দিকে। তখন ডিসিকে কল দিলেও তৎক্ষণাৎ পাওয়া যায়নি।”

“এখন ডুবুরি যাচ্ছে। সঙ্গে আমাদেরও একটা টিমও যাচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, " আমাদের ডুবুরি টিম পৌঁছে গেছে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কিছুটা দেরি হয়ে গেছে।"