লালমনিরহাটে তিস্তা নদীর গর্তে তলিয়ে ২ ভাইয়ের মৃত্যু
উদ্ধার কাজে অংশ নেওয়া রুবেল ইসলামের অভিযোগ, এক বছর আগে তিস্তার তীর রক্ষায় জিও ব্যাগে বালু ভরার কাজের সময় পাউবো ওই স্থান থেকে বালু উত্তোলন করে।
লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদীতে গভীর গর্তে তলিয়ে দুই সহোদর ভাই মারা গেছেন।
শনিবার দুপুরে উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ওসি সাদ ইসলাম।
নিহতরা হলেন- রাজপুর বাজার এলাকার শিক্ষক রেজাউল করিমের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) এবং ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে দুই ভাই তিস্তার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা নদীতে বাঁধা একটি ডিঙি নৌকায় ওঠে। নৌকার দোলায় ছোট ভাই পানিতে পড়ে গেলে বড় ভাই তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয়। পরে নদীর গভীর গর্তে তলিয়ে তাদের মৃত্যু হয়।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলামের অভিযোগ, প্রায় এক বছর আগে তিস্তার তীর রক্ষায় জিও ব্যাগে বালু ভরার কাজের সময় পানি উন্নয়ন বোর্ড-পাউবো ওই স্থান থেকে বালু উত্তোলন করে। এতে সেখানে ১৫ থেকে ১৬ ফুট গভীর গর্ত তৈরি হয়। কোনো সতর্কতা বা চিহ্ন না থাকায় ওই গর্তেই দুর্ঘটনা ঘটে।
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু অধিকারী বলেন, “ছেলে দুটি ভদ্র ও মেধাবী ছিল। তাদের বাবা হাসপাতালে ভর্তি আছেন। মা তার সঙ্গে আছেন। বাড়িতে অভিভাবক না থাকায় তারা চরে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।”
তিনি বলেন, “নদীর দুই পাশে স্থায়ী বাঁধ থাকলে বা গর্তগুলো চিহ্নিত থাকলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না।”
ওসি সাদ ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
