Published : 23 Jul 2026, 10:11 PM
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলার কয়েকটি স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে ‘শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’ ব্যানারে মানববন্ধন করা হয়। একই সময়ে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নেও ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এসব কর্মসূচিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে একই দাবিতে বুধবারও ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ হয়েছিল।
আন্দোলনকারীদের দাবি, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ জাতীয় সংসদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত একজন সংসদ সদস্যের নৈতিকভাবে ওই পদে থাকার সুযোগ নেই।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধনে বক্তব্য দেন আবদুল কাইয়ুম। তিনি বলেন, “দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও এমপি পদে বহাল থাকা জনগণের সঙ্গে প্রহসনের শামিল। আমরা তার পদত্যাগ চাই।”

নূরনগর বাজারে সমাবেশে নূরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর বলেন, “জনগণের সম্মান রক্ষায় তার সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া উচিত।”
ঈশ্বরীপুরের বংশীপুর বাজারে সমাবেশে উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার, আইনজীবী ইব্রাহিম খলিল এবং সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের আস্থা হারানো একজন জনপ্রতিনিধির দায়িত্বে থাকার সুযোগ নেই। সংসদের মর্যাদা রক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত।
কাশিমাড়ী বাজারেও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এর আগে সোমবার রাতে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুরুতে জামায়াতের নেতা-কর্মী ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন।
তবে পরদিন গাজী নজরুল ইসলাম ফেইসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতিতে ১৭ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।
এ ঘটনায় বুধবার এক বিবৃতিতে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আরও পড়ুন:
জামায়াত এমপির সঙ্গে নারীর ভিডিও ভাইরাল, দ্বিতীয় স্ত্রী দাবি করে পোস্ট
নারীর সঙ্গে এমপি নজরুলের ভিডিওর খবরে 'নজর রাখছে' জামায়াত
ভিডিও ভাইরাল: জামায়াতের এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
ভিডিও ভাইরাল: জামায়াত এমপি নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা, বিচার দাবি
ভিডিও ভাইরাল: জামায়াত এমপি নজরুলের বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ