Published : 22 Jul 2026, 09:53 PM
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
নজরুলের নির্বাচনি এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে বুধবার বিকালে তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘নৈতিক স্খলনের’ জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামায়াতে ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির।
তিনি বলেন, “তবে শুধু এটুকুতে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ। তাকে দলীয় পদ থেকেও অপসারণ করা উচিত।”
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন; সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
“এ ব্যাপারে আমাদের কর্মীরা বিভ্রান্ত হবেন না। এ ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেয়াতে এই মর্যাদা ফিরে পাব বলে বিশ্বাস করি।”
সোমবার রাতে ভিডিওটি ছাড়ানোর পর প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার সংসদ সদস্য তার ফেইসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট লিখে সেখানে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
বুধবার এক বিবৃতিতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
আরও পড়ুন:
ভিডিও ভাইরাল: জামায়াত এমপি নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা, বিচার দাবি
ভিডিও ভাইরাল: জামায়াতের এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে এমপি নজরুলের ভিডিওর খবরে 'নজর রাখছে' জামায়াত
জামায়াত এমপির সঙ্গে নারীর ভিডিও ভাইরাল, দ্বিতীয় স্ত্রী দাবি করে পোস্ট