ড্রেন খননের সময় মাটির নিচ থেকে উঠে এল শত শত গুলি
শ্রমিকরা কাজ করার সময় গুলিগুলো পেয়েছে বলে জানান বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
বগুড়া শহরে একটি ড্রেনে খনন কাজ করার সময় শত শত গুলি পাওয়া গেছে।
রোববার দুপুরে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচে ৩৩৪টি গুলি পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
পুলিশ বলছে, বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকরা। খননকাজের একপর্যায়ে একজন শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির মধ্যে ধাতব বস্তু দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া- তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।
