১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আমির হামজার ওপর হামলার ঘটনায় মামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২৩ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 06:35 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আমির হামজা।

রোববার দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, শনিবার বিকাল ৬টার দিকে গণসংযোগ শেষে ফেরার পথে শহরের ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা চালান।

শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার জনকল্যাণমূলক কাজ বাধাগ্রস্ত করতেই এ হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, “যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা?” 

এ সময় তিনি কুষ্টিয়ার প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা প্রশাসনের কাছে দাবি জানান, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 

সিসিটিভি ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

আমির হামজা বলেন, অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে। এ ছাড়া দলের পক্ষ থেকে কুষ্টিয়া শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেন তিনি।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আবদুল গফুর, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আবজাল হোসেন ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস গাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা করেছেন। মামলায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ২৩ জনের নাম দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষএমপি আমির হামজার গাড়ি ভাঙচুর