Published : 03 Feb 2026, 11:59 AM
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই ঘটনায় তার এক সমর্থকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ১০টার দিকে বুড়িরপাড় এলাকায় সড়কের ওপর টানানো হাসনাতের নির্বাচনি ব্যানারে আগুন দেওয়া হয় এবং এর এক ঘণ্টা পর বরকামতা এলাকায় তার সমর্থকের ওপর হামলা হয় বলে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।
এ ঘটনায় আহত মোহাম্মদ কাওসার আলমকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
এরপর রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এসব তথ্য জানিয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
“আজ বিকালে আমাদের নির্বাচনি ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবেই কঠোরভাবে প্রতিহত করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।”
ওসি মনিরুজ্জামান বলছেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; তদন্ত চলছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন।
“তবে এঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”