Published : 18 Jun 2026, 10:22 PM
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পিংলা ইউনিয়নের রাধানগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান।
নিহত শিশুরা হল- উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) এবং একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে রাধানগর সানসেট পয়েন্টে কয়েকজনের সঙ্গে গোসলে নামে ওই দুই শিশু। এ সময় নদীর প্রবল স্রোতে দুই শিশু ভেসে গিয়ে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু তাদের উদ্ধার করা যায়নি।
পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রথমে ইসমাইল হোসেন এবং পরে ওসমান মিয়ার মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, “আমাদের ডুবুরি দল প্রায় সাত ঘণ্টা যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।”
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।