টাঙ্গাইলে মামার বিয়েতে এসে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
নানা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে ছোট ভাইকে নিয়ে গোসলের এক পর্যায়ে পুষ্পিতা পানিতে তলিয়ে যায়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নানা বাড়িতে মামার বিয়েতে এসে ঝিনাই নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি তৌফিক আজম।
নিহত পুষ্পিতা (১০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকরি গ্রামের নিরঞ্জন কর্মকারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা দুলাল বলেন, নানা মদন কর্মকারের বাড়িতে মামার বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে পরিবারের সঙ্গে বেড়াতে আসে পুষ্পিতা। এদিন দুপুরে পুষ্পিতা তার ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে গোসল করতে নামে।
এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় পুষ্পিতা। এ সময় নদীর ওপারে থাকা লোকজন ও পাড়ে থাকা ছোট ভাইয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার কথা বলেছেন ওসি তৌফিক আজম।
