১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

এ সময় ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘যে নুর জনতার, রুখবে তাকে সাধ্য কার’-সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 11:08 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিল বের করে বিভিন্ন আবাসিক হল ঘুরে একই স্থানে সমাবেশের আয়োজন করে তারা।

এ সময় ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘যে নুর জনতার, রুখবে তাকে সাধ্য কার’-সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, “নুরুল হক নুর কোনো দল বা মতের নয়, তিনি ফ্যাসিবাদমুক্ত আন্দোলনের মহানায়ক। তার উপর চোখ দিলে সেই চোখ উপড়ে ফেলা হবে। সেনাবাহিনী ও পুলিশকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার করছে।”

দ্রুততম সময়ের মধ্যে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার দাবি করেন তিনি। 

সমাবেশে সংহতি জানিয়ে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, “৫ অগাস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখছি তা ফ্যাসিবাদ আমলের পুনরাবৃত্তি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরের ওপর সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।”

নুরের জ্ঞান ফিরেছে

জাতীয় পার্টি ও গণঅধিকারের সংঘর্ষ, ঢাকা মেডিকেলে নুর

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।