১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালকসহ নিহত ২

নিহতদের একজন এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও এক যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব জানিয়েছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে অটোরিকশা চালক আব্দুল হামিদ (৬৪) এবং এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের প্রয়াত রোস্তম আলী সরকারের ছেলে আব্দুর রশিদ (৫৬)। আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে মালবাহী একটি ট্রাক ময়মনসিংহে যাচ্ছিল। একই সময় কালিহাতী থেকে যাত্রী নিয়ে এলেঙ্গার দিকে যাওয়া পথে একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

এসআই মাহবুব বলেন, লাশ টাঙ্গাইল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।