শাকসু: অবরুদ্ধ ভিসিকে ভোটের আয়োজন করতে আল্টিমেটাম
রাত ৯টার মধ্যে মঙ্গলবার ভোটগ্রহণের ঘোষণা না এলে ভিসি কার্যালয়ের গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
ভোটের একদিন আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে প্রশাসন ভবন-১ এ বিক্ষোভরত শিক্ষার্থীরা সেখানে অবরুদ্ধে অবস্থায় থাকা উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা মঙ্গলবার ভোটগ্রহণের ঘোষণা দেওয়ার জন্য রাত ৯টার পর্যন্ত সময় বেঁধে দেন।
এই সময়ের মধ্যে ঘোষণা না এলে প্রশাসন ভবন-১ এর গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
দুপুরে চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতে হাই কোর্টের আদেশের পর সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর বিকাল সাড়ে ৫টা দিয়ে সড়ক ছেড়ে আবার প্রশাসন ভবন-১ এর সামনে আবস্থান নেন তারা।
নির্বাচন স্থগিতের আদেশের পর দুপুর থেকে অবরুদ্ধ আছেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা।
প্রশাসনের সঙ্গে বৈঠকে থাকা একাধিক প্রার্থী ও তাদের সমর্থক জানান, আন্দোলনকারীরা প্রশাসনকে মঙ্গলবারই ভোটগ্রহণ করা হবে এমন ঘোষণার জন্য চাপ প্রয়োগ করেন। তখন উপাচার্য হাই কোর্টের আদেশের কথা জানান এবং আদেশের বিরুদ্ধে গিয়ে ভোটের আয়োজনের ব্যাপারে অপারগতা প্রকাশ করেন।
উপাচার্য আইনগত বিষয়গুলো জানানোর আন্দোলনকারীদের সাইনের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে মোবাইলে ফোন করেন। তখন অ্যাটর্নি জেনারেলও জানান, এখন আর এ বিষয়ে করার কিছু নেই।
তারপরই মূলত আন্দোলনকারীরা রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বৈঠক থেকে চলে আসেন। রাত ৯টা পর্যন্ত সেখানে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা অবরুদ্ধ হয়ে আছেন। ভবনের বাইরে আন্দোলনকারীরা নানা স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন:
