Published : 19 Jan 2026, 05:59 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
তখন বিভিন্ন প্যানেলের সমর্থক শিক্ষার্থীরা সেখানে শাকসু নির্বাচন নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিত ও মঙ্গলবার ভোটের দাবিতে বিক্ষোভ করছিলেন। এ সময় সেখানে সাংবাদিক ও উৎসুক জনতা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অধ্যাপক আশরাফ উদ্দিন বিশ্ববিদ্যালয় থেকে এক কিলো পার হয়ে ফটক এলাকায় পৌঁছান। তখন তিনি বিক্ষোভের মুখে পড়েন। রাস্তায় পার হওয়ার সময় তার পেছনে পেছনে ‘দালাল- দালাল, ভুয়া-ভুয়া’ স্লোগান দিয়ে চলেন কয়েকজন শিক্ষার্থী। একটি দোকানে গেলে সেখানেও বিক্ষোভ করেন তারা।
পরে কয়েকজন শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে দোকান থেকে বের করে নিরাপদে চলে যেতে সাহায্য করেন।
শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুদ্ধ হয়ে অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, “আমি ক্যাম্পাস থেকে আসার সময় তারা (শিক্ষার্থীরা) ভুয়া-ভুয়া বইলা চিৎকার করতেছে। আমি দাঁড়ায় গেছি। আমার ডাইরেক্ট ছাত্র, ক্লাসের ছাত্র, শিবিরের নাকি লিডার! সে আমার সামনে এসে বলতেছে, ভুয়া-ভুয়া-ভুয়া। তারা এটা করতে পারে না।”

তিনি বলেন, “তাদের যত ক্ষোভ থাক, কষ্ট থাক, সবকিছু করতে পারে। এটা করতে পারে না। ফরিদ উদ্দিনের (সাবেক ভিসি) আমলে একমাত্র ব্যক্তি ছিলাম, যে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে ছিলাম। ওদের যদি কিছু বলার থাকে, ওরা আমার কাছে আসুক, অফিসে আসুক। কিন্তু শিক্ষকদের সঙ্গে এটা করতে পারে না। তাদের এত সাহস কেন?”
শাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে ভোট চার সপ্তাহেরর জন্য স্থগিতের আদেশ দেন হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল।
আরও পড়ুন:
শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষকের পদত্যাগ
শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত
শাকসু: মঙ্গলবার ভোটের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি
শাকসু: এবার ভোটে দায়িত্ব পালনের কথা বললেন জামায়াতপন্থি শিক্ষকরা
শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষকের পদত্যাগ