Published : 22 Sep 2025, 04:42 PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ মাস পর দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এখন থেকে প্রক্টরের অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা যাবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্ততিতে বলা হয়, গত বছরের ৬ নভেম্বর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গত ১৮ অগাস্ট প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় হয়। ওই সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের আগে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানগুলো হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বসে আমরা প্রশাসনকে ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সুপারিশ করেছি। প্রশাসন সার্বিক বিবেচনায় রাজনীতি চালু করেছে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে একাডেমিক ভবনে কখনও রাজনৈতিক মিছিল-সমাবেশ হয় নাই। তাই একাডেমিক ভবনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে।
“আর আবাসিকগুলোতে ছাত্ররাজনীতি চালু করলে ফ্যাসিজম আমলের মত শাসকগোষ্ঠীর ছাত্র সংগঠনগুলো অপরাজনীতর চর্চা শুরু করতে পারে। তাই হলে রাজনীতি নিষিদ্ধ।”
তবে শাকুস কেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রশাসনের অনুমতি নিয়ে করা যাবে বলে জানান প্রক্টর।
আরও পড়ুন