১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-৪: বিএনপির মঞ্জুরুলের আবেদনে পরবর্তী শুনানি বুধবার

এনসিপির হাসনাত আবদুল্লাহর অভিযোগ, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত দিতে বুধবার আরো শুনানি করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ দিন ধার্য করে দেয়। 

এদিন মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, রুহুল কুদ্দুস কাজল, মোস্তাফিজুর রহমান খান, হামিদুল মিসবাহ ও সাইফুল্লাহ আল মামুন। 

তার বৈধতা চ্যালেঞ্জ করা এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এহসান আবদুল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ হোসাইন লিপু, জহিরুল ইসলাম মুসা ও মুজাহিদুল ইসলাম শাহীন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। সেই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এরপর প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে যান বিএনপির প্রার্থী, কিন্তু সেখানেও তাকে হতাশ হতে হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি যে রিট আবেদন করেছিলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ ২১ জানুয়ারি তা খারিজ করে দেয়। 

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে এরপর আপিল বিভাগে যান মঞ্জুরুল। আদালতের সিদ্ধান্ত জানতে এখন তাকে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কুমিল্লামঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না

কুমিল্লা-বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল