Published : 21 Jan 2026, 04:28 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর ভোটের লড়াই কি সহজ হয়ে গেল?
এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে গিয়েছিলেন, কিন্তু তাকে হতাশ হতে হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পর সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন মঞ্জুরুল।
বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করে দিয়েছে।
ভোটের লড়াইয়ে থাকতে মঞ্জুরুল আহসান মুন্সী শেষ চেষ্টা হিসেবে এখন আপিল বিভাগে যেতে পারবেন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তিনি অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। সেদিন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।