১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

তারা দুজনই দুনই দশমাইল নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 09:44 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আশরাফুল ইসলাম।

নিহত আব্দুর রহিম (১৪) উপজেলার শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব (১৬) দক্ষিণ সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই দুনই দশমাইল নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে পুকুরে নামে তারা। একপর্যায়ে গভীর পানিতে চলে গিয়ে তারা ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা চালান।

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুই কিশোর সাঁতার জানত না। স্থানীয়দের সহযোগিতায় তাদের পুকুর থেকে তোলা হয়, কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ওসি আশরাফুল ইসলাম বলেন, “পুলিশ প্রাথমিক তদন্ত ও সুরতহাল করে তাদের পরিবারকে হস্তান্তর করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।”