Published : 03 Feb 2026, 05:08 PM
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আগামী নির্বাচনে আর কোনো ঋণ খেলাপি প্রার্থী অংশ নেওয়ার সাহস পাবেন না।”
তিনি দেবিদ্বারকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভোটারদের কাছে সততা ও ন্যায়ের পক্ষে ভোট চেয়েছেন।
হাসনাত বলেছেন, “দেবিদ্বার এখন সারাদেশে উদাহরণ হয়ে আছে যে, হাসনাত সাহস নিয়ে কিন্তু চোরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যা অন্য কোথাও হয়নি, তা আমরা করেছি।”
হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সকালে তার নির্বাচনি এলাকা দেবিদ্বারের জাফরাবাদে নির্বাচনে উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সম্প্রতি হাসনাত আবদুল্লাহর করা অভিযোগের প্রেক্ষিতে ঋণ খেলাপির তথ্য গোপনের দায়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুনসির মনোনয়নপত্রের বৈধতা বাতিলের আদেশ দেন আদালত। ফলে এ আসনে বর্তমানে বিএনপির কোনো প্রার্থী নেই।
হাসনাত আবদুল্লাহ বলেন, “অনেকে চোরদের বিরুদ্ধে ভয়ে দাঁড়ায়নি। অনেকেই আবার গুন্ডাদের ভয়ে দাঁড়ায়নি। আমরা দেবিদ্বার যেখানে শুরু করেছি সেখান থেকে অন্যান্য উপজেলাও দেখে শুরু করবে। আগামী নির্বাচনে একটি ঋণ খেলাপিও অংশগ্রহণ করতে পারবে না।
“কারণ তাদেরকে আমরা পথ দেখিয়ে দিয়েছি যে, চোর এভাবে ধরতে হয়। ২০০৮ সালেও ধরা খেয়েছে, ২০১৮ সালেও ধরা খেয়েছে-আবার ভেবেছিল সবাই ভুলে গেছে। কিন্তু এটি বুঝে নাই যে হাসনাত ফাঁদ পেতে বসে আছে।”
নির্বাচনি প্রচারে তিনি দেবিদ্বার উপজেলার জাফরাবাদ, মোহনপুর, ভৈষেরকোট ও নদিয়াবাদসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে শাপলাকলি প্রতীকে ভোট চান।
এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোজাফফর আহমেদ তার সঙ্গে উপস্থিত ছিলেন।