ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন
আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
গুলিস্তান থেকে ছেড়ে আসা এভার গ্রিন পরিবহনের বাসটিতে সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজংগামী ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছানোর পর বাসটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া ও আগুন বের হতে শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি বুঝে চালক বাসটি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়র স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর যাত্রীদের অন্য যানবাহনে করে গন্তব্যে পাঠানো হয়। এ ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও প্রায় আধা ঘণ্টা পর তা স্বাভাবিক হয়।
